স্বচ্ছল জীবনের স্বপ্ন আর চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নেয়ার কথা বলে অপহরণ আর নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এ চক্রের শিকার হয়ে ফিরে আসা ভুক্তভুগীদের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, অমানবিক নির্যাতন করে বাংলাদেশে স্বজনদের কাছে ফোন করিয়ে মুক্তিপণ আদায় করতো এ মানবপাচারকারীরা।
এর আগে বাংলাদেশ থেকে বিদেশ যেতে আগ্রহীদের উন্নত দেশে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে অন্য দেশে আটকে রেখে মুক্তিপণ আদায় করছে একটি আন্তর্জাতিক চক্র এমন অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র্যাব। মঙ্গলবার রাতে খুলনার বানিয়া খামার এলাকা থেকে ওই চক্রের মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব দুইয়ে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় র্যাবের পক্ষ থেকে বলা হয়, গোয়েন্দা তথ্যে জানা যায়, লালমাটিয়ার প্লানেট ওভারসিস কনসালটেন্ট নামের প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই। তারা মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্ন দেশে নিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় করে।
এ সময় বিশ্বের বিভিন্ন উন্নত দেশের কথা বলে নেপাল বা ভারতে নিয়ে যে নির্যাতন করা হতো তার বর্ণনা দেন ভুক্তভোগীরা।