যাত্রাবাড়ির থানায় নাশকতার ২ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদাসহ ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবির এসআই বশির উদ্দিন এ অভিযোগপত্র দেন।
গত ৫ জানুয়ারি থেকে পরবর্তী তিন মাসে নাশকতার বেশ কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়, যার মধ্যে বুধবার প্রথম অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগপত্রে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির আরও ৩৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, খালেদা জিয়া দেশব্যাপী অবরোধের ডাক দেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। তার ওই নির্দেশেই আসামিরা বাসে ট্রাকে নাশকতা চালায়।
অবরোধ এবং সেই সঙ্গে বিএনপি জোটের হরতালে তিন মাসে নাশকতা ও সহিংসতায় ১৫০ জনের মৃত্যু হয়, যার অর্ধেকের বেশি মারা যান গাড়িতে অগ্নিসংযোগ কিংবা পেট্রোল বোমা নিক্ষেপের কারণে।
তখন বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ীর মামলার তদন্তই সবার আগে শেষ করা হলো।
অভিযোগপত্র পাওয়ার পর আদালত অভিযোগ গঠনের শুনানি হবে, তাতে সন্তুষ্ট হলে বিচার শুরুর আদেশ হবে। যদি তা হয়, তবে দুর্নীতি মামলায় বিচারের সম্মুখীন খালেদা জিয়াকে নাশকতার মামলায়ও আদালতে দাঁড়াতে হবে।
গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গত ৫ জানুয়রি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
এর মধ্যেই ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় নয় দিন পর মারা যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার পেচান গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তার দেহের ৪৮ শতাংশ পুড়ে যায়।
এরপর পুলিশ ৬৯ জনকে আসামি করে দুটি মামলা করে, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয়েছে হুকুমের আসামি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। এগুলো হচ্ছে- গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা।
এর মধ্যে নিম্ন আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। অন্য তিনটি মামলার বিচার হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি ২০ দলের ডাকা অবরোধের মধ্যে যাত্রাবাড়ী থানার মোল্লার ব্রিজ এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে ৩০ জন দগ্ধ হন। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করে পুলিশ।