চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে প্রায় ৩৮ কেজি ওজনের ৩২৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে কাস্টমস।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮-এ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে স্বর্ণ আসার খবর পেয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮-এ তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা।
এ সময় উড়োজাহাজটির টয়লেটের কমোডের পেছনে পরিত্যক্ত অবস্থায় গুঁড়োদুধ ও চিপসের কৌটার মধ্যে থাকা ২৮৮টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৩৩ কেজি ৫১০ গ্রাম। পরে মোহাম্মদ হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ৩৭টি স্বর্ণের উদ্ধার করা হয়। বারগুলোর ওজন চার কেজি ৩১০ গ্রাম।
শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান স্বর্ণ আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় যাত্রী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়েছে। উড়োজাহারে টয়লেটে পাওয়া স্বর্ণের বারের সঙ্গে তার যোগসূত্র আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদ হোসেনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।