অপরাধ

স্বাস্থ্য পরীক্ষায় গারো তরুণী ধর্ষণের আলামত মিলেছে

ধর্ষণ
ধর্ষণ

রাজধানীর কুড়িলে মাইক্রোবাসে গণধর্ষণের ঘটনায় গারো তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক হাবিব উজ জামান চৌধুরীর বলেন, স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি খুবই দুর্বল রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।

এছাড়া ওই তরুণীর বয়স নির্ধারণের এক্স-রে করানো হয়েছে বলে জানান তিনি।

কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পথে রাজধানীতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গারো তরুণী (২২)। গত বৃহস্পতিবার রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ওই তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করেন।

অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণের অভিযোগে শুক্রবার তিনি ভাটারা থানায় মামলা দায়ের করেন। নারী লাঞ্ছনা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী যখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ঠিক ওই সময়েই চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার হন ওই তরুণী।

ভাটারা থানার পুলিশ জানায়, তরুণীটি তাদের বলেছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজ শেষে তিনি যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে বাসের জন্য একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ছাই রঙের একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে নেয়।

গাড়িতে তুলেই তার মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ ৫ জন তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময়ও তাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

এর আগে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি ধর্ষকদের কাউকে চিনতে পেরেছেন কি না, তাও বলেননি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।

ওসি নুরুল মুত্তাকিম জানান গতকাল রাত সাড়ে ১১টার দিকে মেয়েটিকে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে বলে জানান তিনি।

মেয়েটির বড় বোনের ভাষ্য:

মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যমুনা ফিউচার পার্কের উল্টো দিকে বাসের অপেক্ষা করছিলেন তার ছোট বোন। এ সময় হঠাৎ একটি মাইক্রোবাস এসে ওর সামনে থামে এবং দুই যুবক ওকে জোর করে গাড়িতে তোলে। ভেতরে আরও তিনজন ছিল। তারা পাঁচ জন মিলে চলন্ত গাড়িতে ওকে ধর্ষণ করে রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসিমউদ্দীন রোডে নামিয়ে দিয়ে চলে যায়।

বড় বোন বলেন, মাইক্রোবাসটি চালানো হচ্ছিল ধীর গতিতে। কুড়িল বিশ্বরোড ও যমুনা ফিউচার পার্কের সামনের এলাকা দিয়েই গাড়িটি কয়েকবার ঘুরেছে।

তিনি জানান, গত সপ্তাহের শুরুতে এক লোক দুই বিদেশি নারীকে নিয়ে যমুনা ফিউচার পার্কের ওই দোকানে যান, যেখানে তার ছোট বোন কাজ করেন। আমার বোন কোথায় থাকে, কত বেতন পায়, পরিবারে কে কে আছে জানতে চেয়েছিল তারা। ও বলেছে, মাইক্রোবাসে পাঁচজনের মধ্যে সেই লোকও ছিল। দোকানের সিসিটিভির ফুটেজ দেখলে তাকে ও চিনতে পারবে বলে মনে হয়।

বড় বোন জানান, তারা জাতিতে গারো; তবে খ্রিষ্ট ধর্ম পালন করেন। ঢাকায় কাজ করার পাশাপাশি তার বোন এ বছরের শুরুতে ময়মনসিংহের একটি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। রাতে ধর্ষণের ঘটনার পর মামলা করার জন্য তাদের তিন থানায় ঘুরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়ে বলেও জানান তিনি।

তুরাগ থানা কাছে হয় বলে মামলা করার জন্য রাত ৪টার দিকে মেয়েটিকে নিয়ে তারা সেখানে যান। কিন্তু অন্য এলাকার ঘটনা বলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। এরপর ভোর ৫টার দিকে তারা যান গুলশান থানায়। সেখানেও একই উত্তর মেলে। শেষে সাড়ে ৬টার দিকে ভাটারা থানায় গেলে বলা হয়, ওসি নেই, অপেক্ষা করতে হবে।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে ওসি আসেন এবং তাদের কথা শুনে সাড়ে ১২টার দিকে মামলা নথিভুক্ত করা হয় বলে মেয়েটির বড় বোন জানান

প্রসঙ্গত: গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। সে সময় চার নিপীড়ককে ধরে পুলিশের কাছে দেয়া হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়, যা পুলিশও স্বীকার করেছে।

ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এক মাসেও কাউকে গ্রেপ্তার করতে না পেরে পুলিশ কর্তৃপক্ষ সম্প্রতি সিসিটিভির ফুটেজ থেকে আট সন্দেহভাজন নিপীড়কের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে।

এরই মধ্যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে এক শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’র অভিযোগ ওঠে।এর তদন্ত নিয়ে টালবাহানার অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ শুরু করলে গত ১৬ মে উপাধ্যক্ষকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

যৌন হয়রানি ও নিপীড়নের এসব ঘটনার পর নারী নির্যাতন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করেছে ছাত্র ইউনিয়ন, যার নেতৃত্বে রয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক লাকী আক্তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ