জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে সোমবার প্রজ্ঞাপণ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
২০০৩ সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এ নিয়ে ৭টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হল।
গত শনিবার অভিজিত ও দুই ব্লগার হত্যার পেছনেই জঙ্গি সংগঠন ‘আনসার উল্লাহ বাংলা টিম’ জড়িত বলে ধারনা করছে পুলিশ। উগ্রপন্থি এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
সংগঠনটি দেশের সবগুলো জঙ্গি সংগঠনেরই মুখপাত্র হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আল কায়েদার সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে। টার্গেট করে পরিকল্পিতভাবে তারা তালিকাভুক্ত ব্যক্তিদের হত্যা করছে।
আড়াই মাসের মধ্যে উগ্রপন্থীদের হত্যা শিকার হন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায় এবং ব্লগার ওয়াসিকুর রহমান ও অনন্ত বিজয়। অভিজিত হত্যার ঘটনার পরপরই ‘আনসার বাংলা-সাত’ এ হত্যার দায় স্বীকার করে।
পরে অভিজিত হত্যার প্রায় দুই মাসের মাথায় হত্যার দায় স্বীকার করে ভারতের উপমহাদেশীয় আল কায়দা শাখা।
সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যার পরও প্রথমে ‘আনসার বাংলা-৮’ ও পরে ‘আল কায়েদা’ দায় স্বীকার করে টুইটারে বার্তা দেয়।
এ ৩টি হত্যার পেছনেই আনসার উল্লাহ বাংলা টিমের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ।
ধারনা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার হয়ে তারা কাজ করছে। টার্গেট অনুযায়ী তালিকা করে হত্যার পরিকল্পনা করে এ জঙ্গি সংগঠনটি।
দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও তাদের তালিকায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।