রাজধানীর আশকোনা থেকে দুই মানবপাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম। সেইসঙ্গে বিদেশে পাচার হতে যাওয়া ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাজমুল আলম বলেন, রোববার রাতে আশকোনার একটি হোটেলে ১৭ জনকে অস্ট্রেলিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র পালাউতে পাচারের উদ্দেশ্যে আনা হয়। তাদেরকে কখন পালাউ পাঠানো হবে সে বিষয়ে পাচারকারীরা কোন সদুত্তর দিতে না পারলে উদ্ধাকৃতদের মধ্যে একজন পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সেখানে অভিযান চালায় এবং দুই মানব পাচারকারীকে আটক করে।
তাদেরকে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল পাচারকারীরা বলেও জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার আরো বলেন, এ পাচারের ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের দ্রুত খুঁজে বের করা হবে।
এদিকে, রোববার রাজধানীর ফকিরারপুল এলাকা থেকে মানবপাচারকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।