কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় স্থানীয় জামাতের আমির আবুল বাশারসহ ৭ জামাত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছে, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের প্রত্যেকেই মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে একটি মামলা করে।
মঙ্গলবার শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় সাত জন দগ্ধ হন।
এদিকে, হামলায় গুরুতর দগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে ও রাঙ্গামাটি মহিলা কলেজের অধ্যাপক রণজিৎ শর্মার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তবে এখনো তারা আশঙ্কামুক্ত নন। তাদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।