রাজধানীর মিরপুর থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম। মঙ্গলবার সকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে তাদের হাজির করে এ কথা বলেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন: শফিকুল ইসলাম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজিদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উপ কমিশনার জানিয়েছেন, ঈদ ও পূজাকে ঘিরেই এ জাল নোট তৈরি করেছিলো চক্রটি। এসময় তাদের কাছ থেকে জাল নোট বানানোর বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
সোমবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, চক্রটির প্রধান শফিকুল। তিনি ও তার সহযোগিরা ৬-৭ বছর ধরে এ কাজে জড়িত। এর আগে শফিকুল দুবার পুলিশের কাছে ধরা পড়েছিলো। অল্পসময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার পুরোনো পেশায় ফেরে তিনি।