মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আল বদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষাণাকে কেন্দ্র করে গাজীপুরসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে জামাত-শিবির। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে আনা হয়।
এ সময় গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুজাহিদের আপিলের রায়কে সামনে রেখে সারাদেশে নাশকতার পরিকল্পনার করছিল জামাত-শিবির কর্মীরা।
আটক জামাত-শিবির কর্মীদের পরে পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
গাজীপুরের শিববাড়ি থেকে গোপন বৈঠকের সময় পেট্রোলবোমাসহ আটক জামাত-শিবির কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুইটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের শিববাড়িতে অভিযান চালিয়ে ২০টি পেট্রোলবোমা, লিফলেট, সিডি ও জিহাদি বইসহ জামাত-শিবিরের ৩৪ জন কর্মীকে আটক করে পুলিশ।