এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র জালিয়াতি প্রতারকচক্রের প্রধান হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মুখপাত্র মো. মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মনিরুল ইসলাম বলেন, উত্তরপত্র টেম্পারিং করার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতো ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো তারা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন শিক্ষকদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
গোলাম মোস্তফা মডেল কলেজের পরিচালনা বোর্ডের সহকারি পরিচালক আব্দুল মজিদ ও তার ৫ সহযোগি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র জালিয়াতির কথা বলে বহু শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছে— উল্লেখ করে কলেজেরই আরো কয়েকজন শিক্ষকেরও এসব কাজে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পুলিশের এ মুখপাত্র।
আটককৃতদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ বলেও সাংবাদিকদের জানান তিনি।