বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ ৬ জনকে কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীতে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীতে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ছাত্রদল সভাপতি যে গাড়িতে ছিলেন, তাতে থাকা একাধিক লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও এক বোতল মদ পাওয়া গেছে।
অবশ্য ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বলেন, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বাকি ৫ জন হলেন : মো. সালাহ্উদ্দিন, মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়ির চালক অসীম হাওলাদার। এদের সবার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ।
রাজীবের বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা থাকার কথা বললেও সুনির্দিষ্ট কোনো মামলার বিষয়ে জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি বলেন, রাজীবসহ গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।