সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ সদস্য যাদের নাম এসেছে সবাইকে শাস্তির আওতায় আনা হবে।
শুক্রবার সিলেট বিমানবন্দরে ৩ দিনের সফর শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটির প্রতিবেদনে ৩ পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরো বলেন তদন্তে যাদের নাম এসেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে।
এরআগে, বৃহস্পতিবার রাতে ৪২৪ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।
তবে, এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
গত ৮ জুলাই ১৩ বছরের রাজনকে হত্যার পর মামলা করতে গেলে শিশুটির বাবার সঙ্গে দুর্ব্যবহার ও মামলার অন্যতম আসামি কামরুল ইসলামের দেশত্যাগে সহযোগিতা করার ব্যাপারে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।