রাজধানীর বাড্ডায় তিন জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার ফারুক মিলন ও নূর মোহাম্মদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করে।
রোববার রাতে বাড্ডা ও ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দের কারণে এ হত্যাকাণ্ড ঘটে। এতে মূল টার্গেট মাহবুবুর রহমান গামা হলেও এলোপাতাড়ি গুলি ছোঁড়ায় ৩ জন নিহত হন।
বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শনগর পাম্পের কাছে হামলা চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, শামসু মোল্লা ও একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিককে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর স্বেচ্ছা সেবক লীগ নেতা মাহবুবুরের বাবা মতিউর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
এদিকে, গতকাল রোববার ডিএমপির মুখপাত্র ওই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছিলেন।