দেশে অপরাধ দমন ও জঙ্গি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি আনসারউল্লাহ বাংলা টিমসহ কয়েকটি সংগঠনের অপতৎপরতা বন্ধে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উদ্বিগ্ন হবার কিছু নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার রাজধানীতে আওয়ামী ওলামালীগের সভাপতি ও গাজিপুরে নিহত যুবলীগ নেতার সঙ্গে জড়িতদের ইতিমধ্যে ধরা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই দাবি করে আসছেন দেশের জঙ্গী সংগঠনগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এরপরেও একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশে। কখনও প্রকাশ্যে আবার কখনও ঘরে ঢুকে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।