ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিদের এ কথা বলেন ডিএমপির মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, অভিযোগপত্রভুক্ত ৫ আসামি হলেন: জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জুনায়েদ ওরফে তাহের ও হাসিব আবদুল্লাহ। এর মধ্যে জিকরুল্লাহ, আরিফুল ও সাইফুল কারাগারে আছেন। এতে জুনায়েদ ও হাসিবকে পলাতক দেখানো হয়েছে।
তিনি আরো বলেন, ওয়াশিকুর হত্যার মূল পরিকল্পনাকারী হাসিব। গ্রেপ্তার হওয়া ৩ জন হত্যার কথা স্বীকার করেছেন। লেখালেখির কারণেই তারা ওয়াশিকুরকে হত্যা করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়িতে প্রকাশ্যে ওয়াশিকুরকে হত্যা করা হয়। ঘটনার পর পালানোর সময় ধরা পড়েন জিকরুল্লাহ ও আরিফুল। ওয়াশিকুর হত্যার পরদিন ৩১ মার্চ তাঁর ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে জিকরুল্লাহ ও আরিফুলসহ ৪ জনের নাম উল্লেখ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তভার ডিবিকে দেয়া হয়।