হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শুল্ক কর্মকর্তাদের মারধর করে মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের প্রধানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দুপুরে রাজধানীর র্যাব-১ এর সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।
মাসুদ বলেন, মঙ্গলবার রাতে মিরপুরের বেনারসী পল্লী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল ও তার দুই সহযোগী এ কথা স্বীকার করেছে, এর আগেও একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের চাপ দিয়ে, ভয় দেখিয়ে কার্গো ভিলেজ থেকে মালামাল বের করে নিয়ে যায় তারা। সেসব পণ্যের অধিকাংশই চোরাচালান পণ্য ছিল বলে জানায় শ্যামল।
তিনি আরো বলেন, এসএমআই ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ও সিএন্ডএফ লাইসেন্সের আড়ালে চোরাইপথে আমদানি নিষিদ্ধ ওষুধ, মুঠোফোনসহ বিভিন্ন পণ্য নিয়ে আসতো এ চক্রটি। ওই ঘটনায় জড়িত বাকিদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান র্যা ব অধিনায়ক।
গত ১০ আগস্ট ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউন থেকে প্রায় ৫০ কোটি টাকার মালামাল ছিনিয়ে নেয়। তাদের বাধা দিলে শুল্ক কর্মকর্তাদের মারধর করে তারা। ওই ঘটনায় কুরিয়ার ইউনিটের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের এবং র্যাব-১ এ অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মিরপুরের বেনারসী পল্লী থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গত ২৮ জুলাই ঢাকা কাস্টমস হাউসে ঢুকে এক সহকারী কমিশনারের হাত কেটে ফেলার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে ছিনতাইকারী চক্রের প্রধান শ্যামলের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে বিভিন্ন সময়ে চোরাচালান করে আসছে বলে জানায় র্যাব।