রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে গোপন বৈঠকের সময় শিবিরের ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, চট্টগ্রামের পটিয়া থেকে শিবিরের ১০ নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
রাজধানীতে আটক হওয়া শিবির নেতাকর্মীদের কয়েকজনকে শুক্রবার রাতে গণমাধ্যমের সামনে হাজির করে তেজগাঁও থানা পুলিশ।
পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়েছে তাদের। নাশকতা তৈরির জন্য ‘তেজগাঁও ইয়ুথ সায়েন্স ক্লাব’ নামক সংগঠনের নামে ফার্মগেট এলাকার একটি হোটেলে বৈঠক করছিল তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তেজগাঁও বিজ্ঞান কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের দক্ষিণ গোবিন্দারখালী এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকেও ১০ শিবির নেতা-কর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু পোস্টার ও লিফলেট।
আটককৃতরা কোনো নাশকতা মামলার আসামি কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।