নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ৭ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। শনিবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাদের আটক করা হয়।
রোববার এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, এরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খিলাফাহ প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন।
গত ৪ সেপ্টেম্বর সংগঠনটির অনলাইন সম্মেলনের সঙ্গে তারা জড়িত— উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এ সম্মেলন ছিল।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও কিভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি এ অনলাইনে এ ধরণের প্রচার চালিয়েছে তারও ব্যাখ্যা দেন ডিএমপির মুখপাত্র।
সংগঠনটির অনলাইনে রাজনৈতিক সম্মেলন আটকাতে প্রতিরক্ষা বাহিনীকে চ্যালেঞ্জ করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস ও দেশের সর্বত্র বিশেষ করে রাজধানীতে পোস্টার, লিফলেট বিতরণের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন মনিরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।