কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জনকে রংপুরের পীরগাছা ও রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি'র মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য দেন।
এদিকে, গত ৬ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে নেপালি মেডিকেল ছাত্রী ধর্ষণে জড়িত এক আসামিকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৪ আগস্ট বিকেলে জামালপুর জেলা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ঢাকায় আসা এক ছাত্রীকে তার নিজ এলাকার পরিচিত আনিছুর রহমান ওরফে শাওন পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে রাজধানীর ফার্মগেটে একটি হোটেলে নিয়ে যায়। এরপর সে এবং তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে।
পরদিন ওই ছাত্রীর বাবা রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শনিবার রংপুরের পীরগাছা ও রাজধানীর মোহাম্মদপুর থেকে ওই ধর্ষণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে ডিবি।