রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে কার্যত চিকিৎসক ছাড়াই চলছে চিকিৎসাসেবা কার্যত্রম। গত দুই দিনে সেখানে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে হাসপাতালটির চিকিৎসক ও মালিকরা পলাতক রয়েছেন। হাসপাতাল ছেড়ে গেছেন চিকিৎসাধীন অন্য রোগীরাও।
উন্নত চিকিৎসা আর আইসিইউ সেবার নামে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগীদের নিয়ে আসা হয় এখানে। আর এর সঙ্গে জড়িত রয়েছে তাদের নিজস্ব এজেন্ট বা দালাল, আর সরকারি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিদিন রোগীর চিকিৎসা বাবদ নেয়া হতো মোটা অংকের টাকা।
দুই বছর আগে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বেসরকারি মালিকানায় গড়ে উঠে এশিয়ান কার্ডিয়াক নামের এই হাসপাতালটি।
নামে মাত্র একজন কনসালটেন্ট দিয়েই চলছে তাদের চিকিৎসা সেবা । অথচ হাসপাতালের বাইরে টানানো রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকদের নামের তালিকা।
রাজধানীর সরকারি হাসপাতালগুলো থেকে রোগীদেরকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় এ হাসপাতালে। ভর্তি হওয়ার পর উন্নত চিকিৎসা তো দূরে থাক দেখা মেলে না চিকিৎসকেরই।
গত দুই দিনে হাসপাতালটিতে ছয়জন নবজতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় অন্য রোগীরা হাসপাতাল ছেড়ে যেতে চাইলে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের বিল দাবি করে কর্তৃপক্ষ।
পরীক্ষা-নিরীক্ষা বাবদ রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বাস্তবতা এমন হলেও পুলিশ বলছে, হাসপাতালটির বিরুদ্ধে এধরনের কোনো অভিযোগ তারা পায়নি।