রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যার ঘটনায় শনিবার রাতে অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কাউনিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলার এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।
গত সোমবার রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালির নাগরিক সিজার তাভেল্লা হত্যার রেশ কাটতে না-কাটতেই শনিবার রংপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় জাপানের নাগরিক কুনিওকে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুনিও হোশি গত ৮ আগস্ট ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত তার ভিসার মেয়াদ ছিল। তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম জাকারিয়া নামে একজন ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আলুটারি গ্রামে কুনিওর একটি প্রকল্পে সেখানে তিনি এক ধরনের ঘাসের আবাদ করতেন।