পিডিবি সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার ঘটনায় জড়িত দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র মুনিরুল ইসলাম।
এ সময় খিজির খান হত্যার ঘটনায় জড়িত দুই জেএমবি সদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তাদেরকে ঢাকা ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়—প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা জানায় মতাদর্শগত বিরোধের জের আর ডাকাতির উদ্দেশ্যেই খিজির খানকে হত্যা করা হয়েছে জানান মনিরুল ইসলাম।
তিনি বলেন, ওই হত্যায় ৮ জনের একটি দল অংশ নেয় আর গোপীবাগে পীরসহ ছয় খুন ও পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার তাদের টাঙ্গাইল ও রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম মিঠু সরাসরি হত্যায় জড়িত ছিল আর তার আলেক এ হত্যাকারী দলটির গাড়িচালক।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডে দুইটি দল অংশ নেয়—একটি দল হত্যা করেছে অন্য দলটি বাসার লোকদের বেধে ফেলে আর মালামাল লুট করে।
এ হত্যার সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানায় পুলিশ।
এছাড়া, গ্রেপ্তার হওয়া তরিকুল জেএমবির অন্যতম সংগঠক বলেও জানায় পুলিশ। গোপীবাগের ছয় খুন ও পূর্বরাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকি হত্যার সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতেদর রিমান্ডে এনে জিজ্ঞাসাদ করা হবে বলে জানায় পুলিশ।