অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার সম্পদ ক্রোকের নির্দেশও দিয়েছে আদালত।
একইসঙ্গে খোকাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে অনাদায়ে খোকাকে আরো এক মাসের কারাদণ্ডের নির্দেশেও দেয়া হয়।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।
এর আগে, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের কারণে ২০০৮ সালের ১ জুলাই রমনা থানায় এই মামলা দায়ের করে দুদক। এরপর দীর্ঘ দিন মামলার শুনানি শেষে সাদেক হোসেন খোকাকে কারাদণ্ড দিল আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের আর সম্পদের তথ্য গোপনের মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।
এর আগে, ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ টাকা সম্পদের হিসাব দুদকে দাখিল করেন। দুদক তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে মামলাটি দায়ের করে। মামলাটিতে সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরাও আসামি। তবে চার্জশিট দাখিলের আগে হাইকোর্ট তার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তদন্তও স্থগিত রয়েছে।