পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলে বোমা হামলা ঘটনা জঙ্গি হামলা নয় এটি পরিকল্পিত নাশকতা হামলা বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার পুরান ঢাকার হোসনি দালান এলাকায় হামলাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, অনেক বিষয় নিয়ে বিবেচনা চলছে— এটি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের কাজ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।
খুব দ্রুত দোষী ব্যক্তিরা চিহ্নিত হবে বলে তিনি আশা করেন।
আইজিপি বলেন, দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় যারা জড়িত তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গভীর রাতে বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জনের বেশি।