চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রোববার গভীর রাতে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাদুর রশিদ চৌধুরী (২৯) ও সাবেক সভাপতি মো. ইসমাইল (৩২)।
ওসি মহসিন বলেন, সাহাদুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি ও ইসমাইলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে তারা বর্তমানে জামিনে রয়েছেন।
তিনি আরো বলেন, তাদের কাছ থেকে নগরীর বেশ কিছু সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে অর্থ সরবরাহের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার সাহাদুরের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে—এ কথা জানিয়ে তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেডের’ শিবিরের দক্ষিণের বেশকিছু নেতাকর্মীর যোগসূত্র পাওয়া গেছে। উত্তরের নেতাকর্মীদেরও যোগাযোগ আছে বলে আমাদের কাছে তথ্য আছে।
গ্রেপ্তাররা নগরীতে নতুন করে নাশকতার পরিকল্পনা করছিল দাবি করে ওসি বলেন, আগেও নগরীতে বিভিন্ন নাশকতার ঘটনায় তাদের ইন্ধন ছিল।