ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বুধবার রাতে তিনটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৬ জনকে। হামলায় ব্যবহার করা প্রাইভেটকারটিও মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।
এদিকে, বুধবার রাতে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে, প্রাইভেটকারটির পিছু নেয় পুলিশ। এক পর্যায়ে প্রাইভেটকার থেকে পুলিশের ভ্যান লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ পুলিশ আহত হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও মাদক পাচারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গতকাল আলাদা ৩টি মামলা করা হয়েছে।
এদিকে, ঘাটুরা গ্রাম থেকে প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয় গাড়িটি থেকে।