বগুড়ায় আলাদা অভিযানে আনসারুল্লা বাংলা টিমের জেলা কমান্ডার ও সহকারি কমান্ডারকে শনিবার রাতে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমান জিহাদী বই ও অস্ত্র উদ্ধার করা হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাতভর রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ ৪৫৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদের মধ্যে ৪১ জন জামাত শিবিরকর্মী ও ১৫ জন বিএনপি নেতাকর্মী রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সহ নানা মামলা রয়েছে।
সাতক্ষীরায় নাশকতার অভিযোগে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি জামাতের ৩৮ কর্মীসহ অন্যান্য মামলায় ৫০ জনকে আটক করা হয়। নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ, মেহেরপুর, ফেনী এবং পিরোজপুরে ২৬৬ জনকে আটক করেছে পুলিশ।