আইনশৃঙ্খলা বাহিনীর নাশকতাবিরোধী অভিযানে চট্টগ্রাম, যশোর, সাতক্ষীরা, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশে বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামাতের নেতাকর্মীসহ ৩০৫ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামাতের ৩০ কর্মীসহ ২০০ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় এতে সীতাকুণ্ড ও মিরসরায় উপজেলায় বিএনপি-জামাতের ২৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরো ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজেমুর রশিদ জানান, নগরীতে বিএনপি-জামাতের সাত কর্মীসহ ৭১ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বায়েজিদ বোস্তামী ও চকবাজার থানা এলাকা থেকে বিএনপি ও ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরে পুলিশের চলমান বিশেষ অভিযানে শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়াও কুমিল্লা, সাতক্ষীরা ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে আরো ৫২ জনকে আটক করা হয়েছে।