ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় হত্যার দায় স্বীকারকারী এবং হুমকিদাতা সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ঢাকা ও নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশার মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্য একজন ফেসবুকে হুমকিদাতা ও অপর ২ জন ইন্টারনেটে হত্যার দায় স্বীকারকারী। তাৎক্ষণিক তাদের পরিচয় জানান যায়নি।
গত ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা বাসায় উপস্থিত থাকলেও তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে খুনিরা। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন নিলয়ের স্ত্রী।
২৭ বছর বয়সী নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। নিলয় নীল নামে তিনি ‘স্টেশন’ নামের একটি ব্লগে ‘কুসংস্কার ও ধর্মান্ধতা’ নিয়ে লেখালেখি করতেন।
আরডিসি নামের বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।