নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতভর যশোর, নড়াইল, মানিকগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা ও গাজীপুর থেকে বিএনপি-জামাতের নেতাকর্মীসহ ১৫৩ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় শুক্রবার যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা জামাতের সাবেক আমির মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি-জামাতের ৫৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো ২৯ জনকে আটক করা হয়েছে।
এছাড়াও নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় নড়াইল সদর উপজেলা জামাতের সাবেক আমির মোহাম্মদ সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরে আটক করা হয়েছে বিএনপি-জামাতের ২৯ নেতাকর্মীকে। মানিকগঞ্জে জামাত নেতাসহ আটক হয়েছে ১১ জন।
সাতক্ষীরায় রাতভর পুলিশের অভিযানে জামাত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ আটক হয়েছে ২৭ জন।
এদিকে, নাশকতার অভিযোগে গাজীপুরের টঙ্গী থানা বিএনপি সভাপতি শাহানশাহ আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।