দেশের বিশিষ্টজন ও শীর্ষস্থানীয় রাজনীতিকদের প্রাণনাশের হুমকিদাতা জামাত সমর্থককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর তেজগাঁও থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মোবাইল ফোনে তিনি এ পর্যন্ত একশো তিপান্ন জন বিশিষ্ট ব্যক্তিকে হুমকি দিয়েছেন।
এদিকে, জিহাদি জন নামে ইন্টারনেটে আইএসের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে, নাহিদ শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ইতিহাসবিদ মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদসহ একশো তিপান্ন জনকে হুমকিদাতা জামাত সমর্থক আব্দুল হককে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত ২৯ সেপ্টেম্বর মোবাইল ফোনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমানকে হত্যার হুমকি দিলে তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
গত ১০ নভেম্বর মোবাইলে হত্যার হুমকি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জমান। সেখানে বলা হয় লেখক-ব্লগারদের পক্ষে দাঁড়ালে তাকে 'চাপাতির আঘাতে মরতে হবে। হুমকি পাওয়ার পর গুলশান থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। এসব সূত্র ধরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আব্দুল হককে গ্রেপ্তার করা হয়।
এদিকে, জিহাদি জন নামে ইন্টারনেটে আইএসের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ইসলামিক-স্টেট-দাওয়া আল ইসলামিয়া নামের একটি ফেইসবুক পেইজ পরিচালনা করতেন তিনি। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকারের পাশাপাশি আইএসের বিভিন্ন কর্মকাণ্ড সর্ম্পকে অবহিত করা হত।
নাহিদের বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তিনি শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা থেকে নাহিদকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে আইএসের সদস্য দাবি করে উসকানিমূলক প্রপাগাণ্ডা চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটককৃতের আসল নাম নাহিদ হোসেন।
সে ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে 'Jihadi John' ছদ্মনামে লিখত— বলেন মুনতাসিরুল ইসলাম।
তিনি আরো বলেন, জিহাদি জন মূলত কুয়েতি বংশোদ্ভূত ব্রটিশ জঙ্গি, যিনি আইএসের বিভিন্ন অপারেশনে অংশ নেয়। সিরিয়ার উত্তরাঞ্চীয় শহর রাকায় এক অভিযানে জিহাদি জন নিহত হয় বলে দাবি যুক্তরাজ্যের।
পুলিশ জানায়, জিহাদি জনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে নাহিদ ফেইজবুকে এই পেইজটি খুলে। 'জিহাদি জন' কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি, যার প্রকৃত নাম মোহাম্মদ ইমওয়াজি। আইএসের বিভিন্ন ভিডিওতে তাকে ছুরি হাতে পশ্চিমা জিম্মিদের পাশে দেখা যায়। চলতি মাসের মাঝামাঝি সিরিয়ার রাকায় এক অভিযানে 'জিহাদি জন' নিহত হয় বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।
পুলিশ আরো জানিয়েছে, বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক কাঠামো নেই এ নাম ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে কয়েকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা নানা প্রচারণা চালাচ্ছে।