নাটোরের বনবেলঘড়িয়া মহাসড়কের বাইপাসে যাত্রীবাহী বাস থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতরাত ১২টার দিকে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জের তেররশিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ ও শিবগঞ্জের আয়নাল আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশী করা হয়। এসময় ওই বাসের দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের দেহ থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার এবং তাদের আটক করা হয়।
পরে আজ বুধবার দুপুরে আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।