পুরান ঢাকায় হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে বোমা হামলার ঘটনায় সন্দেহে আটক ডিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে নিহত একজন নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন দ্বিপনগর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আলবানী নিহত হন বলে জানা গেছে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম সংবাদিকদের বলেন, ওই মামলার অন্যতম আসামি ছিলেন আলবানী। বুধবার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করার পর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবি পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন আলবানী।
পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে জেএমবির ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হল : চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ আহসানুল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন রাশেদ ওরফে আশিক। তাদেরকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধরাত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকার মীরপুর, আবদুল্লাহপুর, গুলিস্থান ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২২ অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর ৩টি বোমা বিস্ফোরিত হয়। পরে আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সঞ্জু নামে একজনের মৃত্যু হয়। আহত হন শতাধিক।
পরে জামাল নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরবর্তীতে চকবাজার থানায় একটি মামলা করে পুলিশ।