দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস মেলায় বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে এখনও কোন অগ্রগতি না হলেও নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে উৎসবকে ঘিরে শুরু হওয়া যাত্রা ও সার্কাস। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি দল ঢাকা থেকে দিনাজপুর গেছে।
বীরগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর থেকেই যাত্রা, সার্কাসসহ সব ধরণের বিনোদনমূলক আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার পরপরই মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে ব্যবসায়ি ও বিক্রতা বলছেন, সারি মেলায় দোকান-পাট থাকলেও ক্রেতা কম থাকায় বেচা-বিক্রি হচ্ছে না বললেই চলে। ভক্ত, পুন্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ও কমে গেছে বলে জানান তারা।
প্রাচীন স্থাপত্য নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনায় এখোনো আতঙ্ক বিরাজ করছে এলাকায়।
গত শুক্রবার দিবাগত রাতে কান্তজিউ মন্দিরের রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ হয়। এতে ১০ জন আহত হয়। এ ঘটনায়া অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে শনিবার কাহারোল থানার ওসিকে প্রত্যাহার করা হয়।