রাজধানীর তেজগাঁওয়ে বৃহস্পতিবার একটি বাসায় ঢুকে তিন জনকে আহত করেছে দুর্বৃত্তরা।
ভোররাতে আরজতপাড়া এলাকার একটি ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় দুর্বৃত্তরা প্রবেশ করে রাজেশ, রঞ্জন ও বিপাশাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারা একই পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করেন তারা।
ঘটনার পর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই তিন জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনা ও দুর্বৃত্তদের সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখছেন। আলামত সংগ্রহ করা হচ্ছে।
ভুক্তভোগী ও তাদের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, ভোররাতে ওই বাড়িটির দ্বিতীয় তলায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা একপর্যায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে চলে যায়। এ ঘটনায় কোনো মালামাল খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।