দিনাজপুরে একের পর ঘটনাগুলোতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জড়িত বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।
শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিদেশি নাগরিক ডা. পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টা, কান্তজিউস মন্দিরে বোমা হামলা এবং ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলির সবগুলো ঘটনায় জেমবি জড়িত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিনাজপুরে বিদেশি নাগরিক ডা. পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টা, কান্তজিউ মন্দিরে বোমা হামলা এবং ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনাগুলো একইসূত্রে গাথা। পরিকল্পিতভাবে শান্তিপ্রিয় নিরীহ মানুষ ও বিদেশি নাগরিকদের হত্যা করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা এসব। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ ও পুলিশের তদন্তে এগুলো জেএমবির কাজ বলে বেরিয়ে এসেছে।
তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা যারা চালাচ্ছে তাদেরকে অঙ্কুরেই বিনষ্ঠ করা হবে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অবস্থাতেই বিনষ্ট করতে দেয়া হবে না— এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের ইন্ধনদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে অন্য কোনো শক্তি থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
কাহারোল থানার ওতি মনসুর আলী সরকার জানান, ইসকন মন্দিরে হামলার ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ইসকন মন্দিরের পুরোহিত গোবরধন দাস মামলাটি দায়ের করেন।
হামলার ঘটনায় আটক শরিফুল ইসলাম ও মোসাব্বিরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলির ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
শনিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন প্রমুখ।