নাশকতা প্রতিরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর, সাতক্ষীরা ও দিনাজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাশকতা প্রতিরোধে শনিবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ।
এ সময় বিভিন্ন মামলার ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দিনাজপুর থেকে ১৮ ও সাতক্ষীরা থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ বিশেষ অভিযান সারা দেশে অব্যাহত রয়েছে।
নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে নড়াইল সদর থানায় ৮জন, লোহাগড়া থানায় ১২ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতী থানায় ৬ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।