চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০৩ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন : কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল খান-এ আলম। দুই জনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গত ২১ সেপ্টেম্বর নগরীর মিউনিসিপ্যাল স্কুলের সামনে হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী দোলন বিশ্বাসের কাছ থেকে ১০৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়া হয়।
পুলিশ ওই ঘটনার দীর্ঘ তদন্ত করেছে। তদন্তে যে দুই পুলিশ সদস্যের নাম আসে তাদের সোমবার রাতে থানায় ডেকে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাস ঘটনার দিন সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিআরটিসি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।
সকাল সাড়ে ৭টার দিকে মিউনিসিপ্যাল স্কুলের সামনে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে।
পরে তাকে অটোরিকশাসহ নগরীর লাভলেইনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে থাকা স্বর্ণের বার ও অলংকারসহ প্রায় ১০৩ ভরি সোনা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা।
এ ঘটনায় পরদিন অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন দোলন।
গত মাসে ইফতেখার উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ব্যবসায়ী দোলন বিশ্বাস ইফতেখারকে থানায় গিয়ে শনাক্ত করেন।