চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ বিজয় দিবসের অনুষ্ঠানে শিবিরের হামলার পর দুপক্ষে সংঘর্ষ হলে পরে ছাত্রবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শতাধিক জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
চকবাজার থানার এস আই মো. কামাল বলেন, বুধবার রাতে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করা হয়েছে।
এ থানার এসআই শম্পা হাজারী জানান, অস্ত্র আইনের মামলায় চার জন এবং বিস্ফোরক আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৯০ থেকে ৯৫ জনকে আসামি করা হয়েছে।
তল্লাশির সময় কলেজ থেকে আটক ৪০ জনের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশির সময় চারটি কিরিচ, তিনটি পিস্তলের গুলির খোসা, বিস্ফোরকের কৌটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয়।
বন্দর নগরীতে মুখোমুখি অবস্থানে থাকা চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার বিজয় দিবসের দিনে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয় ছাত্রলীগকর্মীরা। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।