ওপরের নির্দেশে’ দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের-জেএমবি আটক সদস্য শরিফুল ইসলাম (২৮)।
রোববার দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদোয়ানুর রহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম মো. নাজমুল আহসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শরিফুল ইসলাম বলে জানান পুলিশের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে রয়েছে শরিফুল— সে নিজেকে জেএমবির সদস্য বলে আদালতকে জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে দিনাজপুরের খ্রিস্টান ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলে শরিফুল।
গত ১০ ডিসেম্বর রাতে কাহারোলে ইসকন মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন দুজন। ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুলকে ধরে ফেলে। পরদিন ভোরে বীরগঞ্জে একটি একে ২২ রাইফেলসহ মোছাব্বের নামে আরেক ব্যক্তিকে জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ সূত্রে জানা গেছে, তারা দুজনই জেএমবির সদস্য।
মন্দিরে হামলার ঘটনায় কাহারোল ও বীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে শরিফুল ও মোছাব্বেরকে গ্রেপ্তার দেখিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
এর আগে গত ১৮ নভেম্বর সকালে জেলা শহরের মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন গির্জার ধর্মযাজক ও চিকিৎসক ইতালির নাগরিক পিয়েরো পিচম। এ ঘটনায় শহর জামাতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।