নড়াইল, যশোর ও দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ১১ জন, লোহাগড়া থানায় ১২ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ৫জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে, যশোরে ৮ থানায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২ জন বিএনপিকর্মী ও অন্যান্যরা বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।
এছাড়া দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে এক জামাত নেতা, ২ শিবিরকর্মীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানিয়েছেন, সোমবার রাত থেকে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতা মামলার আসামি খানসামা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাসুদ রানা, ২ শিবিরকর্মীকে আটক করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় থেকে মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতে আনা হবে বলেও জানান তিনি।