খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলায় কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করেছে পুলিশ।
তারা হল- সহোদর মোহাম্মদ সবুজ ও মো. হাশেম। তাদের বাড়ি মাটিরাংগা উপজেলার আদর্শগ্রামে।
বুধবার সকালে নিহত নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নিহতের স্ত্রী শরিফা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় তার স্ত্রী অভিযোগ করেন, আটক ব্যক্তিরাসহ মোট ৪ জন তার স্বামীকে মৌখিকভাবে হত্যার হুমকি দিয়েছিল। তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রাত সোয়া ৭টার দিকে মাটিরাংগা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বাদশা মিয়ার নির্বাচনী কাজ শেষে মাটিরাংগা নজরুল ইসলাম আদর্শগ্রাম এলাকায় তার বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ব্রিকফিল্ড এলাকার পাশের বাঁশঝাড়ে নিয়ে মাথা-মুখ থেতলে গুরুতর জখম করে। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া এক বিবৃতিতে নজরুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।