রংপুরে মহাসড়কের পাশে গাছে বাঁধা অবস্থায় মসিউর রহমান ওরফে উৎস নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, হাতুড়ি বা এ ধরনের কোনো ভারী বস্তু দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মসিউর রহমান স্থানীয় ‘যুগের আলো’ পত্রিকার প্রতিবেদক ছিলেন তার বাড়ি রংপুর শহরের পীরপুরে।
জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে মসিউর পত্রিকা অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর আর তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রংপুর থেকে সাত-আট কিলোমিটার দূরে ঢাকা-রংপুর মহাসড়কে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে শেখপাড়ায় তার মরদেহ পাওয়া যায়।
রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানির জানান, পুলিশ গাছে বাঁধা অবস্থায় মসিউরের মরদেহ উদ্ধার করেছে। মসিউরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবার এ ব্যাপারে থানায় মামলা করবে।