রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর বকপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গতকাল রাত ২টার দিকে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হামলাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
হামলার পর পুলিশ পাহারায় আহমদিয়া সম্প্রদায়ের মানুষ ওই মসজিদে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমা বহনকারী নিহত যুবকের পরিচয় মেলেনি।
মসজিদের কয়েকজন মুসল্লি জানান, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে বেলা দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ আদায় শেষ হওয়ার পর এক যুবক তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন। তাদের রাজশাহী, বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২০০০ সালে এ মসজিদটি নির্মাণ করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এই মসজিদে নামাজ আদায় করে আসছেন।
ফিরে দেখা কিছু তথ্য:
এর আগে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জে শিয়া মুসলমানদের একটি মসজিদে ঢুকে নামাজরতদের ওপর গুলি চালানো হলে মুয়াজ্জিন নিহত এবং তিনজন আহত হন।
তার একমাস আগে গত ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসাইনী দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে বোমা হামলায় দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হন।
এরপর ১০ ডিসেম্বর রাতে ঢাকার দারুস সালামে কথিত বন্দুকযুদ্ধে বাণী ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ভাই নামে একজন নিহত হলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিহত ওই যুবক ছিলেন জেএমবির সামরিক শাখার প্রধান।
মাহফুজের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ ছিল এবং তিনি হোসাইনী দালানে বোমা হামলায় ‘সরাসরি’ অংশ নিয়েছিলেন বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সর্বশেষ এক সপ্তাহ আগে চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটিতে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। তবে কারা ওই হামলা চালিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায় এর আগেও বিভিন্ন সময়ে উগ্রপন্থি হামলার শিকার হয়েছে। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে এরকম বহু হামলার ঘটনা গণমাধ্যমে আসে। ২০১৩ সালে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামও আহমদিয়াদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি তোলে।