নরসিংদীতে অস্ত্র ও প্রাইভেটকারসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
তারা হল, সোহেল মিয়া (৩৩), সাইফুল ইসলাম (২৭), নাদিম মিয়া (২৫)। আটক তিন জনের বাড়িই জয়দেবপুর এলাকায়।
বুধবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের গাড়ি থেকে একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, টঙ্গী-পাঁচদোনা সড়কে ডাকাতির উদ্দেশ্যে শীতলক্ষ্যা সেতু পাড় হয়ে গাড়িটি কখনও আস্তে আবার কখনো থেমে থেমে চলছিল। দূর থেকে দেখে পুলিশ সদস্যদের সন্দেহ হলে প্রাইভেটকারে থাকা তিন যুবককে চ্যালেঞ্জ করা হয়।
তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতর থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায় বলে জানান তিনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরে টঙ্গী-পাঁচদোনা সড়কে গাছ ফেলে ডাকাতির কয়েকটি ঘটনা ঘটেছে।