অপরাধ

এবার ডিএসসিসি কর্মকর্তাকে পেটাল পুলিশ

 ডিএসসিসি কর্মকর্তাকে পেটাল পুলিশ
ডিএসসিসি কর্মকর্তাকে পেটাল পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাস (৪০)।

গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকাশকে বেধড়ক পেটায় যাত্রাবাড়ী থানার কয়েকজন পুলিশ। তারপর থেকে হাসপাতালে বিকাশ। শুক্রবার বিকেলে বিকাশকে ঢাকা মেডিকেল থেকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।

শুক্রবার ভোরে যাত্রাবাড়ি থানার এসআই আরশাদ হোসেন আকাশসহ কয়েকজন পুলিশ সদস্য মীরহাজীরবাগ এলাকায় বিকাশকে মারধর করে বলে তার ভাই চন্দন দাসের অভিযোগ।

তিনি বলেন, সকালে দয়াগঞ্জের বাসা থেকে পরিচ্ছন্নতা কাজের তদারকি করতে মীরহাজীরবাগ এলাকায় যান বিকাশ। এ সময় এসআই আকাশসহ কয়েকজন পুলিশ তাকে থামিয়ে মারধর করে। এতে বিকাশের মাথায় আঘাত লাগে।

এ বিষয়ে প্রশ্ন করলে পুরো ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখানোর চেষ্টা করেন ওয়ারী জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন।

তিনি বলেন, সাধারণ পোশাকে থাকা পুলিশের দল মোটরসাইকেলআরোহী বিকাশকে থামার সংকেত দিয়েছিল কিন্তু বিকাশ তাদের ‘ছিনতাইকারী ভেবে’ বাইক ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। এ সময় তিনি আহত হন।

একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তারপরও যদি পুলিশের গাফিলতি থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে জানান এ পুলিশ কর্মকর্তা।

যাত্রাবাড়ির ওসি অবনী শংকর কর বলেন, পুলিশের ওই দলটি গঠন করা হয়েছে ‘ছিনতাইকারী প্রতিরোধের’এজন্য ভোরে তারা সেখানে সাধারণ পোশাকে দায়িত্ব পালন করছিলেন।

বিকাশ মোটর সাইকেল থেকে পড়ে গেলে এসআই আকাশসহ অন্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। বিকাশ নিজের পরিচয় দিলে আকাশ তাকে ‘স্যার’ সম্বোধন করেছেন, ‘সরি’ও বলেছেন।

সাদাপোশাকে পুলিশের কার্যক্রম নিয়ে অব্যাহত অভিযোগের মুখে গত বছরের ১৭ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার লিখিতভাবে ‘সিভিল টিম’ পরিচালনা না করার নির্দেশ দেন। এরপরও থানাগুলো সাদাপোশাকে পুলিশের কার্যক্রম চালাতে থাকে। চার দিন পর ২১ জুন আবারও সিভিল টিম না চালানোর জন্য চিঠি দিয়ে থানাগুলোকে সতর্ক করেন ডিএমপির কমিশনার। কিন্তু সাদাপোশাকে অভিযান বন্ধ হয়নি।

গতকালের ঘটনা সম্পর্কে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ওই এলাকায় পুলিশের চার সদস্যের একটি দল ছিল। তারা অন্যায়ভাবে যদি মেরে থাকে, তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ৯ জানুয়ারি রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর ও ক্রসফায়ারে মেরে ফেলার ভয় দেখিয়েছিল মোহাম্মদপুর থানার পুলিশ। অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে অবশ্য প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। কিন্তু ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী এখনো হাসপাতালে পড়ে আছেন। শারীরিক আঘাত সেরে উঠলেও মানসিক আঘাতে বিপর্যস্ত তিনি। ওই ঘটনার তদন্ত এখনো পুলিশ শেষ করেনি।

এরই মধ্যে বিকাশকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঠিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ।

বিকাশকে পেটানোর সময় আশপাশে কর্মরত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দৌঁড়ে এসে তাকে তাদের কর্মকর্তা বলে পরিচয় দেন। পরিচ্ছন্নতাকর্মীদের সামনেই তারা বিকাশকে বন্দুকের বাঁট দিয়ে পেটান এবং বুট দিয়ে পা থেঁতলে দেন। একপর্যায়ে আহত বিকাশকে পুলিশি ভ্যানে তোলা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশের ভ্যানটিকে ঘেরাও করেন। পরে পুলিশ বিকাশকে নামিয়ে দিয়ে চলে যায়।

বিকাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বিকাশের মুখমণ্ডল, ডান কান ও কপালে আঘাত রয়েছে। নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। দুই পায়েসহ শরীরের বিভিন্ন অংশে নীল-ফোলা জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুকের বাঁট ও বুটের আঘাতের ফলে এসব জখম হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওটা একটা ভুল-বোঝাবুঝি। তিনি বলেন, রাতের বাসযাত্রীরা যাতে ছিনতাইয়ের শিকার না হন, সে জন্য পুলিশের সাদাপোশাকের একটি দল সেখানে কাজ করছিল। তাদের সংকেত পেয়ে বিকাশ না থামায় পুলিশ তাকে ছিনতাইকারী ভেবে ধাওয়া করে আটক করে। ওই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর হাতাহাতি হয়।

উপকমিশনার বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনাটি তদন্তের জন্য ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাইনুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে বলা হয়, পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা অশোভন আচরণের প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

গত বছরের ১৯ নভেম্বর রাতে রাজধানীর শাহবাগে পুলিশের নিরাপত্তা প্রস্তুতির চিত্র ধারণের সময় বেসরকারি এশিয়ান টিভির প্রতিবেদক নূরে আলম ও ক্যামেরা পারসন দিদার হোসেনকে মারধর করেন ঢাকা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান। ওই ঘটনায় এখন পর্যন্ত মশিউরের কোনো শাস্তি হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ