ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাফেজ মাসুদুর রহমান (২০) নামে এক ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার চার দিন পর আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে দফায় দফায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান মঙ্গলবার ভোরে মারা যান।
এ হত্যাকাণ্ডেরর পর মঙ্গলবার দিনভর শহরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাদ্রাসা ছাত্ররা। এসব ঘটনায় এর আগে ১০টি পৃথক মামলা করে ক্ষতির শিকার প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এসব মামলায় সাত হাজার ২৯৪ জনকে আসামি করা হয়েছে।