রাজধানীর মিরপুরে চুলার আগুনে দগ্ধ চা দোকানির মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসি এ কে এম শাহিন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গতকালও শাহআলী থানায় আরো ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। কাল শনিবার এবিষয়ে মামলা করবে নিহতের পরিবার।
বুধবার রাতে কিংসুক সিটির সামনের চা দোকানের মালিকের কাছে চাঁদা চায় পুলিশের তিন সোর্স। এক পর্যায়ে সোর্সের সঙ্গে ধস্তাধস্তিতে চায়ের দোকানের চুলার আগুনে লেগে যায় চা দোকানি বাবুলের গায়ে। সেখানে থাকা পুলিশের গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটি নেয়া হলে পরদিন দুপুরে মারা যান অগ্নিদগ্ধ বাবুল।
এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের মেয়ে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেয়া হয়নি। শনিবার আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলী থানার ওসি এ কে এম শাহিন মণ্ডলকে ক্লোজ করে রাজারবাগ পুলিশ সদর দপ্তরে যুক্ত করা হয়েছে। একই অভিযোগে বৃহস্পতিবার শাহআলী থানার আরো ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, বিকেলে রাজধানীতে এক সমাবেশে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।