রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকায় চা বিক্রেতা বাবুল মাতুব্বর হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ আলী থানায় দায়ের করা এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের সদস্যরা।
তাদের দাবি, বাবুলের ওপর হামলায় থানা পুলিশ সরাসরি জড়িত ছিল— এ কারণে তারা সঠিক তদন্ত করবে না আর হত্যাকারীরা আইনের আওতায় আসবে না।
চাঁদার দাবিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের গুদারাঘাট এলাকায় শাহআলী থানার এসআইসহ ৪ পুলিশ সদস্য চা বিক্রেতা বাবুলের ওপর কেরোসিনের স্টোভ ছুড়ে মারেন। এতে দগ্ধ হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান বাবুল।
ওই ঘটনায় শাহআলী থানার দুই এসআই, একজন এএসআইসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাবুলের পরিবারের দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি আইয়ুব থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড করা হয় এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লাকে। থানার ওসি এ কে এম শাহীন মণ্ডলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
প্রসঙ্গত: ৩ ফেব্রুয়ারি রাতে শাহ আলী থানাধীন মিরপুরের গুদারা ঘাট এলাকায় চা বিক্রেতা বাবুল দোকানের চুলার গরম আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।