নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে তাদের সম্পদের অনুসন্ধান করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যায় দুদকের একটি দল। দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী ও সহকারি পরিচালক শফিউল্লাহ'র নেতৃত্বে এ অনুসন্ধান শুরু হয়।
অনুসন্ধানে দুদকে জমা দেয়া সম্পদ বিবরনীতে উল্লেখ নেই রুমা আক্তারের এমন একটি ভবনের সন্ধান পান কর্মকর্তারা। তবে এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে রাজি হননি তারা।
পরে অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার পর ভারতে পালিয়ে যান নূর হোসেন।
গত বছরের ১২ নভেম্বর ভারত থেকে দেশে ফেরত আনা হয় নূর হোসেনকে। পরে ১৩ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে সম্পদের হিসাব জমা দেন নূর হোসেন। যেখানে নূর হোসেন এক কোটি ৭৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন।
২০১৪ সালের ১৯ মে অনুসন্ধান শুরু করার পর নূর হোসেনের নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক।